যথাযোগ্য মর্যাদায় আজ বুধবার (১০ জুন) পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জীবন উৎসর্গকারী ও দায়িত্ব পালনকালে আহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, পাশাপাশি সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও অবদানের গুরুত্ব তুলে ধরা হবে।
বাংলাদেশ পুলিশ ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত ২১ হাজার ৮২৮ জন পুলিশ সদস্য ২৫টি দেশে ২৭টি মিশনে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ১ হাজার ৯২৮ জন নারী সদস্যও রয়েছেন।
বর্তমানে আটজন নারীসহ ৩৭ জন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা জাতিসংঘ পুলিশ (ইউএনপোল) ও বিভিন্ন মিশনে কর্মরত আছেন। ২০০০ সাল থেকে নারী পুলিশ সদস্যরাও এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
দায়িত্ব পালনকালে এখন পর্যন্ত ২৫ জন বাংলাদেশি পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন এবং ১৫ জন আহত হয়েছেন। হাইতির ভূমিকম্প-পরবর্তী মানবিক সহায়তা, আফ্রিকা ও ইউরোপের সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় তাদের ভূমিকা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।