জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলা এবং দুটি গুমের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৫ জন কর্মকর্তাকে আজ (বুধবার) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।
বুধবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্ত এই কর্মকর্তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। আদালত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব এবং পুলিশের সদস্যরা মোতায়েন ছিলেন।
আইসিটির প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাইব্যুনাল আজকের শুনানি শেষে ১৫ জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তবে এই কর্মকর্তাদের কোন কারাগারে রাখা হবে, তা সরকার ও কারা কর্তৃপক্ষ নির্ধারণ করবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ মোট তিনটি মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয়, যেগুলোতে অভিযুক্ত হিসেবে বর্তমান ও সাবেক ২৫ জন সেনা কর্মকর্তাসহ মোট ৩২ জন রয়েছেন।
এই ৩২ জন অভিযুক্তের মধ্যে রয়েছেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং র্যাবের সাবেক তিন মহাপরিচালক। এছাড়াও, দুটি গুমের মামলায় অভিযুক্ত হিসেবে আছেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা (অবসরপ্রাপ্ত) মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক।
এর আগে গত ৮ অক্টোবর অভিযোগপত্র গৃহীত হওয়ার পর ট্রাইব্যুনাল অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং পুলিশ মহাপরিদর্শককে তা বাস্তবায়নের নির্দেশ দেন। একইসঙ্গে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও পরোয়ানার অনুলিপি পাঠানো হয়েছিল এবং বুধবার কমপ্লায়েন্স রিপোর্ট (প্রতিবেদন) দাখিলের দিন ধার্য ছিল।