Skip to main content

Ridge Bangla

আধিপত্য বিস্তার নিয়ে গোষ্ঠীগত দ্বন্দ্বে স্কুলশিক্ষার্থী নিহত

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হওয়া গোষ্ঠীগত সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কিশোর মুস্তাকিম মিয়া (১৩) সায়দাবাদ গ্রামের সৌদি আরবপ্রবাসী মাসুদ রানার ছেলে। মুস্তাকিম স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্র জানায়, রায়পুরা এলাকায় দীর্ঘদিন ধরে দুটি প্রভাবশালী ‘হানিফ মাস্টার’ ও ‘এরশাদ মিয়া’ পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বুধবার সকালে পাশের বালুচর গ্রাম থেকে এরশাদ মিয়ার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সায়দাবাদ গ্রামে প্রবেশ করে হানিফ মাস্টারের দলের ওপর হামলা চালায়। এ সময় ব্যাপক গুলিবর্ষণের পাশাপাশি কয়েকটি বসতবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

গুলির আঘাতে বাড়ির আঙিনায় থাকা মুস্তাকিম গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ছাড়া গোলাগুলি ও দেশীয় অস্ত্রের আঘাতে দুই পক্ষ মিলিয়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিমল চন্দ্র ধর জানান, নিহত কিশোরের শরীরের এক পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।

This post was viewed: 42

আরো পড়ুন