Ridge Bangla

আদ্-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও ক্যামেরাপারসনদের ওপর হামলার অভিযোগ উঠেছে হাসপাতালটির কর্মীদের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হন এবং একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভাঙচুরের ঘটনাও ঘটে।

সাংবাদিকদের অভিযোগ, শিশু মৃত্যুর ঘটনার ফলোআপ সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে তারা হাসপাতালে গেলে কর্তৃপক্ষের নির্দেশে প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়া হয়। পরে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন গেটে অবস্থান নিয়ে সাংবাদিকদের ভেতরে প্রবেশে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে হাসপাতালের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সাংবাদিকদের ধাওয়া করেন এবং বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন। এতে কয়েকজন সাংবাদিক ও ক্যামেরাপারসন আহত হন। আহতদের মধ্যে একটি অনলাইন গণমাধ্যমের প্রতিবেদক এবং একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরাপারসনের নাম জানা গেছে।

পাশাপাশি একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভাঙচুরের অভিযোগও উঠেছে। ভুক্তভোগী সাংবাদিকরা দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

This post was viewed: 3

আরো পড়ুন