রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের রেফার করা রোগীদের ঢাকার ছয়টি সরকারি হাসপাতালে তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিকের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়, ১১ জুনের স্মারক অনুযায়ী আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ পরিস্থিতিতে হাসপাতালটি থেকে রেফার করা রোগীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে তাদের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, রোগীদের সেবা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।