Ridge Bangla

আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা, ৬ ঘণ্টায় গ্রেফতার সানজিদার স্বামী

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানে তরুণী সানজিদা আক্তার মারিয়া হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। ঘটনার খবর পাওয়ার ৬ ঘণ্টার মধ্যে নিহতের স্বামী সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রযুক্তির সহায়তায় পাওয়া তথ্য, বিভিন্ন উপাত্ত ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে সাইফুলকে শনাক্ত ও গ্রেফতার করা হয়।

গত ১০ জুলাই সন্ধ্যায় দক্ষিণ গোড়ানের একটি বাসা থেকে গলায় পাটের সুতলি প্যাঁচানো অবস্থায় মারিয়াকে উদ্ধার করা হয়। শুরুতে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হয়েছিল।

পরে মারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর নিহতের ভাই হত্যা মামলা দায়ের করলে তদন্ত শুরু করে খিলগাঁও থানা পুলিশ।

তদন্তে পারিবারিক ও সাংসারিক বিরোধের জেরে মারিয়াকে হত্যা করা হয়েছে বলে দাবি পুলিশের। পরে এ ঘটনায় তার স্বামী সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, নিহত মারিয়া প্রায় ১ বছর আগে সাইফুলকে বিয়ে করেন। তিনি লালমাটিয়া মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি গৃহশিক্ষকতা করে পরিবারের খরচে সহায়তা করতেন।

গ্রেফতার সাইফুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

This post was viewed: 3

আরো পড়ুন