চীনের হুনান প্রদেশে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ২১ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় অন্ততপক্ষে ৬১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, গতকাল সোমবার স্থানীয় সময় বিকেলে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে বিস্ফোরণের ফলে আকাশ ধোঁয়ার বিশাল কুণ্ডলীতে ছেয়ে যেতে দেখা গেছে।
এ সময় দ্রুত উদ্ধার অভিযানে ৫০০ সদস্যের পাঁচটি উদ্ধারকারী দলকে পাঠানো হয়। চীনের প্রযুক্তিগত উৎকর্ষতার নিদর্শন হিসেবে উদ্ধারকারী দলের সঙ্গে ছিল তিনটি রোবটও। সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়, কারখানাটির দুটি মজুদের গুদাম উচ্চ ঝুঁকিতে ছিল।
ফলে বিস্ফোরণের পরপরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। উদ্ধারকারী দল আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়। এই ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, চীনে আতশবাজি তৈরির প্রচুর কারখানা রয়েছে। গত বছর দেশটি ১.১৪ বিলিয়ন ডলার মূল্যের আতশবাজি বিশ্ববাজারে রপ্তানি করেছে।