Ridge Bangla

আড়াই বছরে জাপানে পাঁচ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

আগামী আড়াই বছরের মধ্যে জাপানে পাঁচ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানীর টেকনিক্যাল মোড়ে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আয়োজিত জব অ্যান্ড এডুকেশন ফেয়ারে এ লক্ষ্যের কথা জানানো হয়।

জাপান ও কোরিয়ায় উচ্চশিক্ষা, কর্মসংস্থান এবং স্থায়ী বসবাসের সুযোগ সম্পর্কে তরুণদের ধারণা দিতে এ মেলার আয়োজন করে টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সি।

মেলায় অংশগ্রহণকারীদের জাপান ও কোরিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, স্কলারশিপ, শিক্ষাব্যবস্থা, চাকরির সুযোগ এবং ভিসা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়। পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীদের জন্য তাৎক্ষণিক ভর্তি ও ভিসা সহায়তার ব্যবস্থাও রাখা হয়। এতে এইচএসসি, ডিপ্লোমা ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীসহ চাকরিপ্রত্যাশীরা অংশ নেন।

বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী লুৎফর রহমান বলেন, ‘২০২৮ সালের মধ্যে ৫ লাখ কর্মী জাপানে পাঠানোর টার্গেট রয়েছে বিকেটিটিসির। জাপানে যেতে কর্মীতের সরকার নির্ধারিত ব্যয় ১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। যা খুবই ব্যয় সাশ্রয়ী। এক্ষেত্রে কর্মীদের যেমন দক্ষ হয়ে উঠতে হবে তেমনি শিখতে হবে জাপানি ভাষা।’

টিএমএসএসের আইসিটি অ্যান্ড ইনভায়রনমেন্ট সেক্টরের পরিচালক ড. নিগার সুলতানা বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে জাপানি ও কোরিয়ান ভাষা এবং সংস্কৃতি শেখানোর পাশাপাশি বৈধ ও নিরাপদ উপায়ে জাপান ও কোরিয়ায় উচ্চশিক্ষা, চাকরি এবং স্থায়ী বসবাসের সুযোগ তৈরিতে কাজ করা হচ্ছে। ঢাকা, রংপুর, বগুড়া ও মাদারীপুরে জাপানি ও কোরিয়ান ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, ‘দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে মেলায় আগতদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়। জাপান ও কোরিয়ায় পড়াশোনা কিংবা চাকরির মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গড়ে তুলতে আগ্রহীদের মধ্যে এ মেলা ব্যাপক সাড়া ফেলে।’

টিএমএসএস নির্বাহী পরামর্শক ড. মোহাম্মেদ খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব শহিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের লেবার উইংয়ের ফার্স্ট সেক্রেটারি মো. জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাপানি প্রতিষ্ঠান মিরাইয়ের এডুকেশন কনসালটেন্ট নোরবনী নোরিকেল এবং টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ।

বক্তারা জানান, জাপানের স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার প্রোগ্রামের মাধ্যমে কেয়ারগিভিং, ড্রাইভিং ও সিভিল কনস্ট্রাকশন খাতে কর্মসংস্থানের বড় সুযোগ রয়েছে। তরুণদের আন্তর্জাতিক শিক্ষা ও শ্রমবাজারের সঙ্গে যুক্ত করা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

This post was viewed: 3

আরো পড়ুন