Ridge Bangla

আজ বিকেলে এনসিপি ও সন্ধ্যায় জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে আজ (বুধবার) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিকেল সোয়া ৫টায় এনসিপির প্রতিনিধিদল এবং সন্ধ্যা ৬টায় জামায়াতের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেবে বলে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ জানিয়েছেন। বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ, প্রশাসনের নিরপেক্ষতা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টা ইউনূস এরই মধ্যে নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের মতামত ও পরামর্শ জানতে ধারাবাহিকভাবে সংলাপ চালিয়ে যাচ্ছেন।

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ওই বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ। বিএনপির সঙ্গে বৈঠকে দলটি প্রশাসনের নিরপেক্ষতা, দলীয় প্রভাবমুক্ত নির্বাচন ও প্রধান উপদেষ্টার সরকারের কার্যক্রম নিয়ে কিছু প্রস্তাব তুলে ধরে। তারা অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই নির্বাচনকালীন সরকারের ভূমিকা নিতে আহ্বান জানায়।

This post was viewed: 60

আরো পড়ুন