বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে আজ রোববার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও চন্দ্রগ্রহণ স্পষ্টভাবে দেখা সম্ভব।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চন্দ্রগ্রহণটি আজ রাত থেকে শুরু হয়ে আগামীকাল সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত চলবে। এটি মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে। বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে গ্রহণের সূচনা হবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি মূলত ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু হয়ে পশ্চিম দিকে কেনিয়ার মোম্বাসা পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে দেখা যাবে। এ অঞ্চলের বাইরে থাকা দেশগুলোতে আংশিক চন্দ্রগ্রহণও দৃশ্যমান হবে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটার সময় চাঁদ পৃথিবীর ছায়ার মধ্য দিয়ে সম্পূর্ণভাবে ঢেকে যাবে। এর ফলে চাঁদ সাময়িকভাবে গাঢ় লাল বা মরুভূমির রঙের মতো দেখা দিতে পারে, যা ‘রক্তচাঁদ’ নামে পরিচিত। তবে এই চন্দ্রগ্রহণ উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকায় দৃশ্যমান হবে না। তাই ওই অঞ্চলের মানুষ এ মহাজাগতিক ঘটনা দেখতে পারবে না।
বিজ্ঞানীরা জানিয়েছেন, চন্দ্রগ্রহণ দেখতে চাইলে কোনো সুরক্ষিত চশমার প্রয়োজন নেই, কারণ চন্দ্রগ্রহণের সময় সরাসরি সূর্যের আলো চোখে ক্ষতি করে না। তবে খোলা আকাশে পর্যবেক্ষণ করতে নিরাপদ স্থানে অবস্থান করাই উত্তম।
চন্দ্রগ্রহণের এই মহাজাগতিক ঘটনা বিভিন্ন দেশ ও অঞ্চলের মানুষদের জন্য ভিন্ন রঙ ও আকারে মনোমুগ্ধকর দৃশ্য উপহার দেবে।