আজ পহেলা বৈশাখ, বাঙালি জাতির সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী উৎসব। নতুন বছরের সূচনা উপলক্ষে গোটা দেশ জুড়ে উৎসবের আমেজ। ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা’- নতুন বছরের প্রথম দিনে বাঙালি জাতি বরণ করে নিয়েছে ১৪৩৩ বঙ্গাব্দ। পুরনো বছরের সব দুঃখ-বেদনা ভুলে নতুন স্বপ্ন, আনন্দ ও সমৃদ্ধির প্রত্যাশায় রঙিন হয়ে উঠেছে দেশের প্রতিটি প্রান্ত।
বিশ্বের নানা কোণে অবস্থানরত বাঙালিরাও আজ মিলিত হয়েছেন এই আনন্দে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে উৎসাহের ঢেউ বয়ে চলেছে। এবার বর্ষবরণ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শান্তিপূর্ণ এক গণতান্ত্রিক পরিবেশে। বিশ্বব্যাপী অস্থিরতা থাকা সত্ত্বেও, নববর্ষ বাঙালির হৃদয়ে শান্তির বার্তা নিয়ে এসেছে।
আজ ঢাকা শহরসহ দেশের নানা স্থানে বর্ণিল আয়োজন চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হবে বৈশাখী শোভাযাত্রা, আর রমনার বটমূলে ছায়ানটের সুরে শুরু হয়েছে দিনের অনুষ্ঠান। বাংলা একাডেমি ও শেরেবাংলা নগরে শুরু হয়েছে বৈশাখী মেলা।