Skip to main content

Ridge Bangla

আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

দেশের সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে আজ শনিবার থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস সংযোজন এবং তা সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার।

নতুন নিবন্ধন কিংবা ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং মোবাইল অ্যাপের মাধ্যমে এর কার্যকারিতা প্রদর্শন করতে হবে। সরকারের মতে, এই উদ্যোগের মাধ্যমে গণপরিবহনের চলাচল পর্যবেক্ষণ, রুট ব্যবস্থাপনা উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা সহজ হবে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, কোনো গণপরিবহনে জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে সেই যানবাহনের নতুন নিবন্ধন, ফিটনেস সনদ প্রদান বা নবায়ন করা হবে না। এ বিষয়ে পরিবহন মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, “শুধু প্রযুক্তির ব্যবহার করে প্রত্যাশিত সুফল পাওয়া যাবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারও করতে হবে। সুশাসনের সঙ্গে সমন্বিতভাবে প্রযুক্তি ব্যবহার করা হলেই এর সুফল পাওয়া সম্ভব।”

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, “নতুন কোনো গাড়ি নিবন্ধনের জন্য এলে সেটিতে জিপিএস সংযুক্ত থাকতে হবে। একইভাবে ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রেও জিপিএস থাকা বাধ্যতামূলক। বিষয়টি যাচাইয়ের জন্য বিআরটিএ নিজস্ব প্রযুক্তিগত ব্যবস্থাও তৈরি করছে, যাতে সহজেই কোনো গাড়িতে জিপিএস সংযুক্ত ও সচল রয়েছে কি না তা নিশ্চিত করা যায়।”

This post was viewed: 3

আরো পড়ুন