প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (২০ মে) গাজীপুর সফরে যাচ্ছেন। তার সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।
সফরের শুরুতে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি রাষ্ট্রীয় কুচকাওয়াজ পরিদর্শন করবেন এবং বাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানা গেছে।
এ ছাড়া বিকেলে মহানগরীর গাছা এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় সাজসজ্জা করা হয়েছে। বিশেষ করে সফিপুর ও গাছা এলাকায় তোরণ নির্মাণ, ব্যানার-ফেস্টুন টানানো এবং সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।
অন্যদিকে, নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গাজীপুরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।