ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর অর্জিত ‘বিজয়’ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ অনুভূতি প্রকাশ করেন।
পোস্টে মির্জা ফখরুল বলেন, “সর্বশক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়।” তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন। একই সঙ্গে স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, ইলিয়াস আলী, সুমনসহ দলের প্রয়াত নেতাকর্মীদের। জুলাই শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি, যাদের ত্যাগের বিনিময়ে “নতুন বাংলাদেশ” গড়ে ওঠার কথা উল্লেখ করেন।
বিএনপি মহাসচিব দলীয় চেয়ারম্যান তারেক রহমান, নেতাকর্মী ও ধর্ম-বর্ণ নির্বিশেষে আপামর জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি অন্তর্বর্তী সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনীর ভূমিকাকেও ধন্যবাদ জানান তিনি।