Skip to main content

Ridge Bangla

আগ্নেয়গিরির জ্বালামুখে পড়ে প্রাণ গেল ইয়েমেনের ‘স্পাইডার ম্যান’-এর

নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই খাড়া পাহাড় ও দুর্গম স্থানে আরোহণ করে পরিচিতি পাওয়া ইয়েমেনের ‘স্পাইডার ম্যান’ খ্যাত আল কাকা বিন আনতার মারা গেছেন। একটি আগ্নেয়গিরির জ্বালামুখে পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় কর্মকর্তা ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত শুক্রবার ত্রিশ বছর বয়সী কাকা ইয়েমেনের আল ধালে প্রদেশের হরাদত দামত নামের একটি মৃত আগ্নেয়গিরিতে আরোহণ করছিলেন। খাড়া ঢাল বেয়ে ওঠার সময় হঠাৎ হাত ফসকে তিনি নিচে পড়ে যান। জ্বালামুখটির গভীরতা প্রায় একশ বিশ মিটার বলে ধারণা করা হচ্ছে।

দুঃসাহসিক আরোহণের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় ছিলেন কাকা। ইয়েমেনের বিভিন্ন পাহাড়, পর্বত ও আগ্নেয়গিরিতে ওঠার দৃশ্য ধারণ করে তিনি নিয়মিত প্রকাশ করতেন। কোনো দড়ি বা সুরক্ষা ব্যবস্থা ছাড়াই বিপজ্জনক জায়গায় ওঠার কারণে তিনি ‘ইয়েমেনের স্পাইডার ম্যান’ নামে পরিচিত হয়ে ওঠেন।

প্রায় চব্বিশ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে শনিবার তার মরদেহ উদ্ধার করেন সিভিল ডিফেন্স কর্মীরা। দুর্গম এলাকা, খাড়া পথ ও আগ্নেয়গিরির ভেতরের ঝুঁকিপূর্ণ পরিবেশের কারণে উদ্ধারকাজে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় উদ্ধারকারীদের।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযানের সময় উদ্ধারকারী দলকে কৃত্রিম আলো ব্যবহার করতে হয়। বিশেষ সরঞ্জাম নিয়ে প্রশিক্ষিত উদ্ধারকর্মীরাও এতে অংশ নেন।

আনতার আল আবসি নামেও পরিচিত ছিলেন কাকা। ঝুঁকিপূর্ণ আরোহণ এবং ইয়েমেনের কঠিন প্রাকৃতিক পরিবেশে ধারণ করা তার ভিডিওগুলো বহু দর্শকের নজর কেড়েছিল। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন অনুসারীরা।

This post was viewed: 34

আরো পড়ুন