Skip to main content

Ridge Bangla

আগা খান অ্যাওয়ার্ড অর্জনে মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বিশ্ববিখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুম দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড অর্জন করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেওয়া অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই বিরল ও ঐতিহাসিক সাফল্য শুধু মেরিনা তাবাসসুমের নয়, বরং বাংলাদেশের জন্যও এক গৌরবময় অর্জন। তিনি উল্লেখ করেন, নদীভাঙনে বাস্তুচ্যুত মানুষের জন্য তৈরি করা জলবায়ু-সহনশীল, সাশ্রয়ী ও বহনযোগ্য গৃহনকশা ‘খুদি বাড়ি’ প্রকল্প মানবিকতা ও স্থাপত্যশিল্পে দূরদর্শিতার এক অনন্য উদাহরণ। এর মাধ্যমে প্রমাণিত হলো, স্থাপত্য কেবল নান্দনিকতার বিষয় নয় বরং মর্যাদা, স্থিতিশীলতা ও মানব মেধার সৃজনশীল শক্তির প্রতিফলন।

অভিনন্দন বার্তায় প্রফেসর ইউনূস স্মরণ করেন, ২০১৬ সালে মেরিনা তাবাসসুম ঢাকার বায়তুর রউফ মসজিদের নকশার জন্য প্রথমবার আগা খান অ্যাওয়ার্ড জিতেছিলেন। সেই অর্জন বাংলাদেশের স্থাপত্যকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল। এবারের স্বীকৃতি সেই ঐতিহ্যকে আরও সুদৃঢ় করেছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, এই অর্জনের মাধ্যমে বাংলাদেশ আবারও বৈশ্বিক সৃজনশীলতা ও সামাজিক উদ্ভাবনের মঞ্চে প্রতিষ্ঠিত হলো। দেশের জনগণের পক্ষ থেকে আমরা তাঁর অসাধারণ অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, মেরিনা তাবাসসুম বাংলাদেশ জাতীয় জাদুঘরের গভর্নিং কাউন্সিলের চেয়ারপারসন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রধান পরামর্শক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, আগা খান অ্যাওয়ার্ড হলো স্থাপত্যে বিশেষ অবদানের জন্য প্রদান করা একটি আন্তর্জাতিক পুরস্কার। এটি মুসলিম সমাজে বসবাসযোগ্য, টেকসই ও সাংস্কৃতিকভাবে উপযোগী স্থাপত্য উন্নয়নের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। ১৯৭৭ সালে প্রিন্স করিম আল হুসেইনি (আগা খান IV) এই পুরস্কারটি প্রবর্তন করেন। মুসলিম বিশ্বের স্থাপত্য, নগর পরিকল্পনা, সংরক্ষণ ও ভূ-নকশার উৎকর্ষ ও উদ্ভাবনী প্রকল্পগুলোকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এটি প্রবর্তন করা হয়। প্রতি ৩ বছর পরপর এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে মোট ১ মিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন প্রকল্পে ভাগ করে দেওয়া হয়। এটি বিশ্বের অন্যতম সম্মানজনক স্থাপত্য পুরস্কার হিসেবে বিবেচিত।

This post was viewed: 45

আরো পড়ুন