আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ রক্ষা এবং দেশকে আরও সবুজ করে তুলতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকা দরকার, তা নেই। তাই আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষ (গাছের চারা) রোপণ করা হবে।
জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে আগের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে গাছ লাগানোর বিকল্প নেই।
তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি গাছের যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি আরও বলেন, নিজেদের দেশকে নিজেরাই ঠিক করতে হবে, বাইরের কেউ এসে ঠিক করে দিয়ে যাবে না।
এ সময় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির নতুন স্লোগান ঘোষণা করেন প্রধানমন্ত্রী- “বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।”
গৌরনদীতে আয়োজিত কর্মসূচির মাধ্যমে ২ হাজার ৫০০টি গাছের চারা রোপণে অংশ নেন প্রধানমন্ত্রী।
এর আগে একদিনের সফরে সোমবার সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরের অংশ হিসেবে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরদী এলাকায় পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি।
বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম বরিশাল সফর।