Ridge Bangla

আগামী ১ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে অনুপম রায়ের স্থগিত হওয়া কনসার্ট

শেষ মুহূর্তে স্থগিত হয়ে যাওয়া কনসার্টের অনিশ্চয়তা কাটিয়ে আগামী ১ আগস্ট ঢাকায় পারফর্ম করতে আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তাঁর কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’।

এর আগে গত ২৬ জুন একই ভেন্যুতে কনসার্টটি আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হলেও অনিবার্য প্রশাসনিক ও পারিপার্শ্বিক কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। সে সময় আয়োজকরা পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ ঘোষণা করার আশ্বাস দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার কনসার্টের নতুন সূচি চূড়ান্ত করা হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্ট আয়োজনের প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু হবে। আগেরবারের তুলনায় টিকিটের মূল্য কিছুটা কম রাখার পরিকল্পনাও রয়েছে।

২৬ জুনের স্থগিত হওয়া কনসার্টের টিকিটধারীদের বিষয়েও স্পষ্ট করেছে আয়োজক প্রতিষ্ঠান। তাদের ভাষ্য, আগের কনসার্টের টিকিট কেনা প্রায় সব দর্শকই শতভাগ অর্থ ফেরত পেয়েছেন। ফলে নতুন তারিখের কনসার্টে আগের টিকিট কার্যকর হবে না। অনুষ্ঠান উপভোগ করতে দর্শকদের নতুন করে টিকিট সংগ্রহ করতে হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় চার হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ইউনাইটেড কনভেনশন সেন্টারের হলরুমে কনসার্টটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের মূল আকর্ষণ থাকবেন অনুপম রায়। পাশাপাশি একই মঞ্চে পরিবেশনা করবে দেশের ব্যান্ড বেঙ্গল সিম্ফনি। এ ছাড়া আরও কয়েকজন শিল্পী ও ব্যান্ড অংশ নেবে।

সহযোগী প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ জানিয়েছে, কনসার্ট আয়োজনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় সব অনুমোদন এবং নিরাপত্তাব্যবস্থা সম্পন্ন হয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন