Skip to main content

Ridge Bangla

আগামী ১০০ বছরেও দেশে আর গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

বাংলাদেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

শনিবার (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, ‘গণ-অভ্যুত্থানে যে স্বপ্ন ছিল চব্বিশে, শেষবারের মতো মানুষ তার জীবন বাজি রেখেছিল। তারপর যখন দেখল, এটা কতিপয় মানুষের নিজস্ব সম্পত্তি, এটা বাংলাদেশে উগ্রবাদের নতুন উত্থান, অদ্ভুতভাবে কিছু নেই থেকে শতকোটি টাকার মালিক হয়ে যাওয়ার একটা প্রকল্প, তখন স্বাভাবিকভাবেই গণমানুষ হাজারবার, লক্ষবার, কোটিবার চিন্তা করবে এ রকম গণ-অভ্যুত্থানে যাওয়ার আগে।’

চব্বিশের গণ-অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, হিজাব পরা ও হিজাব ছাড়া নারীরা যেভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন, অভ্যুত্থানের পর সেই পরিবেশ কেন ধরে রাখা যায়নি।

মুক্তিযুদ্ধের মুর‍্যাল ও ভাস্কর্য ভাঙার বিষয়েও প্রশ্ন তোলেন রুমিন ফারহানা। চব্বিশের অভ্যুত্থানের পরপরই এসব মুর‍্যাল ও ভাস্কর্য কারা ভেঙেছে এবং কেন একাত্তর ও চব্বিশকে মুখোমুখি করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন করেন তিনি।

গণ-অভ্যুত্থানের পর দেশে ‘ভয়াবহ উগ্রবাদের উত্থান হয়েছে’ মন্তব্য করে রুমিন ফারহানা বলেন, এমন পরিস্থিতি তৈরি হবে আগে জানা থাকলে কতজন মানুষ রাস্তায় আন্দোলনে নামতেন, সেটিও ভাবার বিষয়।

তিনি বলেন, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ৯০-এর গণ-আন্দোলনের পরও দেশের মানুষ প্রতারিত হয়েছে। সাধারণ মানুষ বারবার রক্ত দিয়েছে এবং প্রতারিত হয়েছে।

‘গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতি: সংকট, সম্ভাবনা ও উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল।

This post was viewed: 27

আরো পড়ুন