জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, “এই রায়ের মাধ্যমে জুলাই শহিদদের পরিবারের দীর্ঘদিনের বেদনা কিছুটা হলেও লাঘব হবে।”
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জুলাই শহিদ পরিবারের’ সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মাহফুজ আলম বলেন, “আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম বিচার প্রক্রিয়া শুরু করবো, সেটা বাস্তবায়নের পথে। আগামী সপ্তাহে খুনি ও ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার হবে, রায়ও পাওয়া যাবে। এতে শহিদ পরিবারের চোখের পানি কিছুটা হলেও শুকাবে।”
তিনি আরও জানান, শুধু শেখ হাসিনা নয়, জুলাই আন্দোলনের সময় গুম ও হত্যার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও ট্রাইব্যুনালে বিচার চলছে। এই প্রক্রিয়া চলমান থাকবে এবং পরবর্তী সরকারও তা এগিয়ে নেবে।
সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, “রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে জুলাই সনদে স্বাক্ষর করেছে। এটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক অর্জন। এর মাধ্যমে আমরা একটি নতুন যুগে প্রবেশ করেছি।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামীতে যে সরকার নির্বাচিত হবে, তারা যদি এই সংস্কার কার্যক্রম ধরে রাখে, তাহলে আমরা নতুন এক বাংলাদেশ গড়তে পারব, যেখানে আইনের শাসন, বিচারিক স্বাধীনতা ও মানবাধিকারের নিশ্চয়তা থাকবে। গুম, খুন ও নিপীড়নের সেই অন্ধকার অধ্যায় আর ফিরে আসবে না।”