আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ১১ দলের নির্বাচনি সমঝোতা জোটের অংশ হিসেবেই এসব আসনে প্রার্থী দেবে এনসিপি।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থ ও জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনসিপির সব নেতাকর্মী বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাঁর ভাষায়, এই জোট কোনো ব্যক্তি বা দলের আধিপত্যের পক্ষে নয়; বরং এটি একটি সংস্কারমুখী ও আধিপত্যবিরোধী রাজনৈতিক জোট।
আসিফ মাহমুদ আরও বলেন, জোট গঠনের ক্ষেত্রে এনসিপি উল্লেখযোগ্য ছাড় দিয়েছে। একই মানসিকতা অন্য শরিকদের মধ্যেও থাকায় এই ঐক্য সম্ভব হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই জোটের নেতৃত্বেই আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে।
দলের ভেতরের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, যারা পদত্যাগপত্র জমা দিয়েছেন, তারা এখনো দলের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি এবং একসঙ্গে কাজ করার সুযোগ এখনো রয়েছে।
তিনি জানান, এনসিপির প্রার্থী না থাকা প্রায় ২৭০টি আসনে দলটি গণভোটকে কেন্দ্র করে সক্রিয় ভূমিকা রাখবে। এসব আসনে দলীয় প্রতিনিধিরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবেন এবং তৃণমূল পর্যায়ে গণভোটের প্রার্থী হিসেবে কাজ করবেন।