প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট ২০২৬-এর উদ্বোধন করবেন। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বর্ধিত ফ্লাইট সিডিউল ও হ্রাসকৃত বিমান ভাড়ায় হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি শেষ করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে এ বছর পবিত্র হজগামী যাত্রীর সংখ্যা ৭৮ হাজার ৫০০ জন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর শুক্রবার রাত সাড়ে ১২টায় ৪১৯ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করবে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট।
জানা গেছে, এবার ১২ হাজার টাকা কম মূল্যে টিকিট ক্রয় করতে পারছেন হজযাত্রীরা। যাত্রীদের সেবা দিতে ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছে ১৭১ জনের মেডিকেল টিম।