Skip to main content

Ridge Bangla

আগস্টে সারা দেশে সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় নিহত ৫৬৩

বিদায়ী আগস্ট মাসে সারা দেশে ৫৫২টি সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ হাজার ২৬১ জন। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুধু সড়কেই ৪৯৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫০২ জন এবং আহত হয়েছেন এক হাজার ২৩২ জন। এ সময় রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৭ জন আহত হন। নৌপথে ২১টি দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু, ২২ জন আহত এবং ১৩ জন নিখোঁজ রয়েছেন।

সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে (১৩২টি) যেখানে ১২৮ জন নিহত ও ৩৩৩ জন আহত হন। আর সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে বরিশালে (১৫টি), তাতে ১৪ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।

তবে বরাবরের মতো এবারও মোটরসাইকেল দুর্ঘটনার হার সবচেয়ে বেশি—আগস্টে ১৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত হয়েছেন। যা পুরো মাসের দুর্ঘটনার এক-তৃতীয়াংশের বেশি।

যাত্রী কল্যাণ সমিতি বলছে, সড়কের গর্ত, ফিটনেসবিহীন যান, বেপরোয়া ও অদক্ষ চালনা, রোড মার্কিং ও সাইনেজের ঘাটতি, রাতের বেলায় আলোর অভাব, চাঁদাবাজি ও আইন অমান্য করার প্রবণতাই দুর্ঘটনার প্রধান কারণ।

প্রতিবেদনে দুর্ঘটনা কমাতে কয়েকটি সুপারিশ করা হয়েছে। তার মধ্যে রয়েছে, দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত, মহাসড়কে আলোকসজ্জা ও রোড মার্কিং নিশ্চিত করা, চালকদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ, ফিটনেসবিহীন যানবাহন অপসারণ, আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা এবং মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার নিয়ন্ত্রণ।

This post was viewed: 48

আরো পড়ুন