প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্রমেই ভাড়াটে টোকাই-ধরনের ক্ষুদ্র দুষ্কৃতকারী গোষ্ঠীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, এই গোষ্ঠীর সদস্যরা ফাঁকা বাসে আগুন দিতে পারে, ৩০ সেকেন্ডের ‘ঝটিকা মিছিল’ আয়োজন করতে পারে, কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শাটডাউনের মতো প্রচারণা চালাতে পারে।
শফিকুল আলম বলেন, সাম্প্রতিক তিনটি ঘটনা তার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে। প্রথমত, বিএনপি তাদের সংসদীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছে। বিষয়টি প্রমাণ করে যে দলের অভ্যন্তরীণ সংঘাতের সম্ভাবনা সীমিত।
দ্বিতীয়ত, তিনি বলেন, আওয়ামী লীগের প্রকৃত সাংগঠনিক শক্তি সীমিত। দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও দলের তৃণমূল কার্যক্রম এখন ভাঙনের শিকার এবং তারা নির্বাচনী প্রক্রিয়ায় মূলত ক্ষুদ্র দুষ্কৃতকারী গোষ্ঠীর ওপর নির্ভর করছে। পুলিশ, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসন ইতোমধ্যেই আরও সংগঠিত হয়েছে। ডিসি, এসপি, ইউএনও এবং ওসি-দের দক্ষ নেতৃত্বে নির্বাচন তত্ত্বাবধানের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। শফিকুল আলম আশ্বাস দেন, দেশের জনগণ আশা অনুযায়ী একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সুষ্ঠু নির্বাচন দেখতে পাবেন।