আওয়ামী লীগের বিচারের বিষয়ে সরকারের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতাদের মতে, দোষীদের বিচার এবং রায় কার্যকর করা হলে জুলাইকে আর কেউ বিতর্কিত করতে পারবে না।
শনিবার (৪ জুলাই) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত রায় কার্যকর করার দায়িত্ব সরকার হিসেবে বিএনপিকেই নিতে হবে।
এ সময় জুলাই অভ্যুত্থান উপলক্ষে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচিরও ঘোষণা দেয় এনসিপি। দলটির ভাষ্য, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এই জুলাই পদযাত্রার আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, স্থানীয় নির্বাচনে যে ১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপি প্রার্থী দেবে, সেসব এলাকাতেই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশের মাধ্যমে জাতীয় কৃষকশক্তির আত্মপ্রকাশ ঘটানো হবে বলেও জানানো হয়।