Skip to main content

Ridge Bangla

আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকেই প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা আর ফিরে আসে না। তিনি বলেন, সাহস থাকলে পালিয়ে না গিয়ে তাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত ছিল। আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো চেষ্টা হলে উত্তরা থেকেই তার প্রতিরোধ শুরু হবে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১৯ জুলাই) রাজধানীর উত্তরার মীর মুগ্ধ মঞ্চে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে এবং জুলাই বিপ্লবে বৃহত্তর উত্তরাসহ ঢাকা উত্তরের মানুষের ভূমিকা ও আত্মত্যাগের স্মরণে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

নাহিদ ইসলাম বলেন, উত্তরা ছিল গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান কেন্দ্র এবং প্রতিরোধের গুরুত্বপূর্ণ দুর্গ। তার ভাষ্য, ছত্রিশ জুলাই উত্তরা ও যাত্রাবাড়ী থেকে একযোগে গণভবনমুখী ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল, যার মাধ্যমে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। তিনি বলেন, উত্তরার অবদান কখনো ভোলা যাবে না।

তিনি আরও বলেন, দুই বছর আগে এই দিনে তাকে গুম করা হয়েছিল। একই সময়ে আরও অনেক মানুষকে গুম করা হয় বলে দাবি করেন তিনি। তার মতে, এখন সবচেয়ে বড় দাবি হলো স্বৈরাচার ও তাদের সহযোগীদের বিচার নিশ্চিত করা। তিনি বলেন, বিচার না হলে ভবিষ্যতেও স্বৈরাচার তৈরি হওয়ার আশঙ্কা থাকবে।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না। সাহস থাকলে পালিয়ে না গিয়ে বিচারের মুখোমুখি হতে পারতো। যদি আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে এই উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে।”

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি এখন তাদের ৩১ দফা ভুলে গিয়ে নোট অব ডিসেন্টের জুলাই সনদের কথা বলছে। নোট অব ডিসেন্টের রাজনীতি পরিহার করে গণভোটের গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংবিধান সংশোধনের আগে বিএনপির নিজেদের সংশোধনের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রতিবেশী বদলানো যায় না। যে প্রতিবেশী আমার পরিবারের সদস্যদের খুন করে সে প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখা যায় না।”

এ সময় চাঁদাবাজি ও মাদকমুক্ত উত্তরা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহিদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম এমপি, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ শহিদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা।

This post was viewed: 20

আরো পড়ুন