Skip to main content

Ridge Bangla

আওয়ামী লীগই ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করেছে, দাবি বিদ্যুৎমন্ত্রীর

আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের বিভিন্ন অর্জন নিজেদের নামে নেওয়ার চেষ্টা করেছে এবং ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে বগুড়া শহরের একটি হোটেলে উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন প্রেক্ষিত, সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইতিহাসকে কখনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা উচিত নয়। যে সময়ে যে ঘটনা ঘটেছে, ইতিহাসকে সেভাবেই মূল্যায়ন করতে হবে। তার দাবি, আওয়ামী লীগই ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করেছে এবং ক্ষমতায় এলেই সবকিছু নিজেদের নামে করার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, ইতিহাস কখনো শেষ হয়ে যায় না। সময়ের সঙ্গে নতুন তথ্য সামনে আসে এবং সেসব তথ্যের ভিত্তিতেই ইতিহাসের মূল্যায়ন হয়। ইতিহাসকে রাজনীতির মাধ্যমে পরিচালনা করলে তা সঠিক থাকে না। ইতিহাস চর্চা ও সঠিক মূল্যায়নের দায়িত্ব ঐতিহাসিকদের।

বিএনপির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, বিএনপি কখনো ভোট ছাড়া ক্ষমতায় আসেনি। তার দাবি, দেশে যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখনই বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করেছে। মানুষের বিএনপির প্রতি আস্থা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের নানা কৌশল থাকলেও শেষ পর্যন্ত জনগণ বিএনপিকেই ভোট দিয়েছে। তার ভাষ্য, মানুষ বিশ্বাস করে বিএনপি দেশ পরিচালনা করতে সক্ষম।

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গত ছয় মাসে তিনি শৃঙ্খলা প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকারি কর্মকর্তা ও মন্ত্রীদের সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার বিষয়ে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। জনগণের করের অর্থে যাদের বেতন হয়, তাদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।

মন্ত্রী আরও বলেন, তারেক রহমান মন্ত্রণালয়গুলোর কার্যক্রম ক্ষুদ্রতম পর্যায় পর্যন্ত পর্যবেক্ষণ করছেন। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা বা প্রকৌশলীর কাছে থাকা তথ্যও তিনি মন্ত্রীর কাছে জানতে চান। এতে মন্ত্রীরাও নিজ নিজ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রস্তুত থাকছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারেক রহমানও দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন। তার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিদ্যুৎ খাতের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকার কাজ করছে। যারা নিজ নিজ ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবেন, তারা সিটি করপোরেশনের করেও ছাড় পাবেন।

তিনি আরও জানান, উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বড়পুকুরিয়ায় ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম উপস্থিত ছিলেন। এছাড়া ১০ জন সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সেমিনারে উত্তরাঞ্চলের উন্নয়ন, সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

This post was viewed: 1

আরো পড়ুন