Skip to main content

Ridge Bangla

আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনার প্রত্যাবর্তন চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ বিষয়ে পরবর্তী কার্যক্রম ভারত সরকার তাদের নিজস্ব আইন ও প্রক্রিয়া অনুযায়ী পরিচালনা করবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনা দেশে ফেরার কথা বিভিন্ন সময় বললেও সরকার তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ফিরিয়ে আনতে চায়। তিনি বলেন, শেখ হাসিনা ইতোমধ্যে সাজাপ্রাপ্ত হওয়ায় আদালতে তার আত্মসমর্পণের সুযোগ রয়েছে কি না, সে বিষয়ে আইনজ্ঞরা মত দেবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তিনি দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং আদালতের রায় কার্যকর করার ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে কিছু মহল বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন রেখে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তার দাবি, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই প্রকৃত পরীক্ষার্থী নন। যদিও তাদের সংখ্যা খুব বেশি নয় এবং সরকার তাদের তেমন গুরুত্ব দিচ্ছে না।

পুলিশকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এগুলো কিছু ডিসইনফরমেশন। প্রকৃত ঘটনা, তথ্য, ছবি ও ভিডিও সবার সামনে রয়েছে। তার ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যে কেউ কেউ এসব ব্যবহার করছে।

এ সময় বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার প্রচেষ্টা সরকার অব্যাহত রেখেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

This post was viewed: 17

আরো পড়ুন