Ridge Bangla

আইনজীবীকে পেপারওয়েট ছুড়ে আহতের ঘটনায় বিচারক সুজন মিয়াকে বদলি

গোপালগঞ্জে আদালতের এজলাসে কাচের পেপারওয়েট ছুড়ে এক শিক্ষানবিশ নারী আইনজীবীকে আহত করার ঘটনার পর সংশ্লিষ্ট বিচারক মো. সুজন মিয়াকে বদলি করা হয়েছে। তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন মন্ত্রণালয়ে সংযুক্ত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বিচারক মো. সুজন মিয়াকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এর আগে বুধবার গোপালগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এ বিচারিক কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে।

আইনজীবীদের অভিযোগ, বিচারক মো. সুজন মিয়া এজলাস থেকে কাচের একটি পেপারওয়েট ছুড়ে মারেন। সেটি সাবিহা সুলতানা নামে এক শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথায় আঘাত করলে তিনি আহত হন।

আহত সাবিহা সুলতানাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর জেলা আইনজীবী সমিতির নেতারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে এ বিষয়ে মৌখিক অভিযোগ করেন।

This post was viewed: 2

আরো পড়ুন