আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ। বর্তমানে এ কর্মসূচির নীতিমালা চূড়ান্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে আইএমএফের মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, নতুন ঋণ কর্মসূচির আওতায় আইএমএফ ধাপে ধাপে কয়েকটি সংস্কার কার্যক্রমের পরামর্শ দিয়েছে। তবে দেশের অর্থনৈতিক বাস্তবতা এবং জনগণের প্রয়োজন বিবেচনায় রেখে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, একটি রাজনৈতিক সরকারের জনগণের প্রতি যে দায়িত্ব রয়েছে, আইএমএফ সে বিষয়টিকে সম্মান করে।
আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের পুঁজিবাজারের উন্নয়ন এবং কর-জিডিপি অনুপাত বৃদ্ধিসহ অর্থনীতির কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ। তবে এসব ক্ষেত্রে আরও উন্নতির ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি।
তিনি বলেন, আগামী অক্টোবরে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আরও আলোচনা হবে। ওই বৈঠকে তিনি অংশ নেবেন।