Ridge Bangla

আইইএলটিএসের ভুল ফল প্রকাশ, কেমব্রিজ ইংলিশকে ৮ লাখ ৭৫ হাজার পাউন্ড জরিমানা

ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের পরীক্ষা আইইএলটিএসের হাজার হাজার পরীক্ষার্থীকে ভুল ফলাফল দেওয়ার ঘটনায় কেমব্রিজ ইংলিশকে ৮ লাখ ৭৫ হাজার পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্যের পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা অফকোয়াল। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৪ কোটি ৪২ লাখ ৪৬ হাজার ২০০ টাকা।

অফকোয়াল জানিয়েছে, কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় মূল্যায়ন পদ্ধতির ত্রুটির কারণে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা আইইএলটিএস পরীক্ষার ৬২ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থী ভুল ফলাফল পেয়েছিলেন।

ওই সময়ে বিশ্বজুড়ে ৭ দশমিক ৭ মিলিয়নের বেশি পরীক্ষা অনুষ্ঠিত হলেও সেপ্টেম্বরের আগে ত্রুটিগুলো শনাক্ত করা যায়নি।

কেমব্রিজ ইংলিশ নিয়ম লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভুল সংশোধন, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়া এবং ভবিষ্যতে একই ধরনের সমস্যা এড়াতে বিভিন্ন উদ্যোগে তারা ৬ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ ব্যয় করেছে।

২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার্থীরা এসব ভুল ফলাফল পান। তাদের বেশির ভাগই ছিলেন আন্তর্জাতিক শিক্ষার্থী।

আইইএলটিএস যৌথভাবে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি আইইএলটিএস এবং কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট পরিচালনা করে। ত্রুটি শনাক্ত হওয়ার পর বিষয়টি অফকোয়ালকে জানানো হয়।

অফকোয়ালের তথ্য অনুযায়ী, স্বয়ংক্রিয় খাতা মূল্যায়ন ব্যবস্থার যান্ত্রিক সমস্যার কারণে বিশ্বের বিভিন্ন দেশের হাজারো পরীক্ষার্থীর ফলাফলে ভুল দেখা দেয়।

২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ২ বছর ধরে আইইএলটিএস মূল্যায়ন ব্যবস্থায় এই সমস্যা ছিল। এ সময়ে বিশ্বব্যাপী প্রায় ৭৭ লাখ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৯৩ হাজার ৮৬৫টি উত্তর ভুলভাবে মূল্যায়ন করা হয়। ফলে ৬২ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থীর প্রাথমিক ফলাফলে ভুল নম্বর আসে।

পরবর্তী সময়ে এসব ফলাফল সংশোধন করা হয়।

সংশোধনের পর ২০ হাজার ৬০০ জনের বেশি পরীক্ষার্থীর ব্যান্ড স্কোর আগের তুলনায় বেড়ে যায়। অন্যদিকে, ভুলের কারণে ১ হাজার ১১৫ জন পরীক্ষার্থীর স্কোর প্রকৃত নম্বরের চেয়ে বেশি দেখানো হয়েছিল, যা পরে সংশোধন করে কমানো হয়।

ভুল ফলাফলে প্রভাবিতদের মধ্যে ১ হাজার ১০৮ জন যুক্তরাজ্যের ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ‘সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট’ দিয়েছিলেন। এর মধ্যে ৪টি ঘটনায় ভুল ফলাফলের কারণে পরীক্ষার্থীদের ভিসার যোগ্যতা সরাসরি প্রভাবিত হয়। পরে আবার পরীক্ষা দিয়ে প্রয়োজনীয় স্কোর অর্জন করেন তারা।

দীর্ঘ সময় ধরে চলা এই ত্রুটি কেমব্রিজ ইংলিশের নিজস্ব পর্যবেক্ষণ ব্যবস্থাতেও ধরা পড়েনি। ২০২৫ সালের সেপ্টেম্বরে সিস্টেম আপডেটের সময় প্রথম সমস্যাটি শনাক্ত হয় এবং এরপর দ্রুত অফকোয়ালকে বিষয়টি জানানো হয়।

This post was viewed: 3

আরো পড়ুন