Skip to main content

Ridge Bangla

অ্যাডভোকেট সাইফুল হত্যা: এক বছর পরেও হদিস নেই ১৭ আসামির

অ্যাডভোকেট সাইফুল ইসলাম ওরফে আলিফ হত্যা মামলার এক বছর পূর্ণ হলেও এখনো ১৭ জন অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রধান আসামিরা পলাতক থাকায় মামলার বিচারিক প্রক্রিয়া শুরু করতে পারছে না আদালত, যা নিহত আইনজীবীর পরিবার, সহকর্মীদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে।

আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মোট ৩৯ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এদের মধ্যে ২২ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তবে অভিযোগপত্রে নাম থাকা ১৭ জন অভিযুক্ত এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরে।

পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য আদালত তাদের মালামাল ক্রোকের আদেশ জারি করেছে। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, আসামিদের সম্ভাব্য সব ঠিকানায় অভিযান চালানো হলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। তবে এখনো গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মামলার সরকারি কৌঁসুলি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরি জানান, পলাতক আসামিদের বিষয়ে প্রতিবেদন আদালতে জমা না দেওয়া পর্যন্ত মামলাটি দায়রা জজ আদালতে স্থানান্তরিত করা যাবে না। একবার স্থানান্তরিত হলে সেখানে ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হবে। আসামিরা অধরা থাকায় আইনি প্রক্রিয়ায় এই স্থবিরতা তৈরি হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। এতে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেয়া হয়।

মামলার প্রেক্ষিতে ২৫ নভেম্বর ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। ২৬ নভেম্বর ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর নিহত আইনজীবী সাইফুলের বাবা জামিল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নামে থানায় মামলা দায়ের করেন।

পুত্র হারানোর শোকে মুহ্যমান অ্যাডভোকেট সাইফুলের বাবা জামাল উদ্দিন হতাশা প্রকাশ করে বলেন, ছেলেকে ফিরে পাবো না, তবে হত্যাকারীদের বিচার দেখতে চাই। তিনি অবিলম্বে পলাতক আসামিদের গ্রেপ্তার এবং দ্রুততম সময়ে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জোর দাবি জানিয়েছেন।

এদিকে নিহত আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফের প্রতি সংহতি জানাতে এবং দ্রুত বিচারের দাবিতে আজ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মানববন্ধন ও স্মরণসভার আয়োজন করেছে।

This post was viewed: 69

আরো পড়ুন