দক্ষিণী সিনেমার সীমানা পেরিয়ে বলিউডে নিজের ছাপ রাখছেন পরিচালক অ্যাটলি। ‘জওয়ান’-এ শাহরুখ খানের সঙ্গে তার জুটি ইতিমধ্যেই ইতিহাস গড়েছে। এবার তিনি আরও বড় চমক নিয়ে ফিরেছেন। সম্প্রতি আলো-ঝলমলে সেটে ধরা পড়েছে দুই প্রজন্মের শক্তিশালী অভিনেতা ববি দেওল ও রণবীর সিংয়ের এক অনন্য যুগলবন্দি, যা অ্যাটলির ক্যামেরায় গড়ে উঠেছে এক সিনেমাটিক মহাযুদ্ধের চিত্র।
প্রকাশিত হয়েছে অ্যাটলির পরিচালনায় নির্মিত এক স্বল্পদৈর্ঘ্য বিজ্ঞাপন। ১৫০ কোটি রুপির এই প্রকল্পটি পূর্ণদৈর্ঘ্যের সিনেমা নয়, তবুও সিনেমার চেয়ে কম নয়। প্রায় ৮ মিনিট দৈর্ঘ্যের ‘চিংস দেশি চাইনিজ’ ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা যায়, রণবীর সিং ‘এজেন্ট চিং’, শ্রীলীলা ‘এজেন্ট মিরচি’ এবং ববি দেওল খলচরিত্র ‘প্রফেসর নয়েস’-এর ভূমিকায়। ১৯ অক্টোবর বিজ্ঞাপনটি ‘চিংস সিক্রেট’ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, যা প্রকাশের পর থেকেই দর্শক ও ভক্তদের প্রশংসায় ভাসছে।
অ্যাটলি বলেন, “ভালো কাজের গোপন উপাদান হলো প্রেম। আমি বিজ্ঞাপনটিতে এমন অনুভূতি রাখতে চেয়েছি, যা শুধু ব্র্যান্ড প্রচার নয়, দর্শককে আনন্দ দেবে।” নেটিজেনরা মনে করছেন, এই বিজ্ঞাপন রণবীর সিংয়ের আসন্ন ‘ধুরন্ধর’ সিনেমার আগে তার স্টারডম ফিরিয়ে আনতে সাহায্য করবে। এছাড়া এটি বলিউডে রণবীরের পুরোনো ব্লকবাস্টার ফর্মুলা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।