Skip to main content

Ridge Bangla

অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা প্রতারণা, গ্রেপ্তার ১

ভুয়া অ্যাগ্রো প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর বাসাবো এলাকা থেকে মো. ওবায়েদুল্লাহ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি জানান, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ‘নাজরান ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো প্রজেক্ট’ নামে ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে।

চক্রটি দাবি করত, ১ লাখ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে ৩ হাজার টাকা লাভসহ নির্দিষ্ট সময় শেষে মূলধন দ্বিগুণ করে দেওয়া হবে। এ প্রলোভনে পড়ে অনেকেই বিনিয়োগ করেন।

এক ভুক্তভোগী ও তার তিন বান্ধবী ২০২৩ সালের মে মাসে কুড়িল এলাকায় প্রতিষ্ঠানটির অফিসে গিয়ে প্রথমে কয়েক লাখ টাকা বিনিয়োগ করেন। শুরুতে আস্থা অর্জনের জন্য কিছু অর্থ ফেরত দেওয়া হলেও পরে তাদের আরও বড় অঙ্ক বিনিয়োগে প্রলুব্ধ করা হয়।

পরবর্তীতে বিভিন্ন কৌশলে তাদের কাছ থেকে মোট ১ কোটি ৬৩ লাখ টাকার বেশি নেওয়া হয়। কিছু লভ্যাংশ দেওয়ার পর হঠাৎ করেই প্রতিষ্ঠানটি লেনদেন বন্ধ করে দেয় এবং সংশ্লিষ্টরা আত্মগোপনে চলে যায়।

এ ঘটনায় ভাটারা থানায় মামলা হলে তদন্তে বেরিয়ে আসে, একই কৌশলে অসংখ্য ব্যক্তির কাছ থেকে প্রায় ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তদন্তে প্রতিষ্ঠানের চারটি ব্যাংক হিসাব এবং সার্ভারের তথ্য বিশ্লেষণে এ চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়।

সিআইডি জানায়, গ্রেপ্তার ওবায়েদুল্লাহর ব্যক্তিগত ১৪টি ব্যাংক হিসাবে প্রায় আড়াই কোটি টাকার লেনদেনের তথ্য মিলেছে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলার তথ্য রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

This post was viewed: 25

আরো পড়ুন