ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত কমে এসেছে- এমন প্রতিবেদনের জবাবে তা সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বিশ্বের যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের কাছে বেশি গোলাবারুদ রয়েছে এবং প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র তাদের মজুত আছে।
আল জাজিরার বরাতে জানা গেছে, মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “বিশ্বের যেকোনো দেশের তুলনায় আমাদের কাছে অনেক বেশি গোলাবারুদ রয়েছে। এমনকি আমাদের প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র মজুত আছে।”
এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন হোয়াইট হাউসকে সতর্ক করেছেন যে, দেশটির আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে আসছে।
এদিকে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ছবিগুলোতে একটি ইরানি তেলবাহী জাহাজ জব্দের দৃশ্য এবং ইরানের খার্গ দ্বীপের তেল রপ্তানি টার্মিনালে হামলার দৃশ্য দেখানো হয়েছে।
প্রকাশিত ছবিগুলোর একটিতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজের ওপর ট্রাম্পকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্য একটি ছবিতে যুদ্ধবিমান থেকে খার্গ দ্বীপের স্থাপনায় বোমা হামলার দৃশ্য তুলে ধরা হয়েছে।
ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবি প্রকাশ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।