অপরাধ ও অভিবাসন বিধি লঙ্ঘনের অভিযোগে ১১ জন ভারতীয় নাগরিককে বহিষ্কার করেছে অস্ট্রেলিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। তাদের মধ্যে ১০ জন পাঞ্জাবের এবং একজন হায়দ্রাবাদের বাসিন্দা।
নাউরু এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তাদের ভারতে পাঠানো হয়, যা বৃহস্পতিবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জানা গেছে, বহিষ্কারের আগে সংশ্লিষ্টদের বেশিরভাগকে অস্ট্রেলিয়ার বিভিন্ন অভিবাসন আটক কেন্দ্রে রাখা হয়েছিল। এদের মধ্যে মাত্র দুজনের বৈধ পাসপোর্ট ছিল। বাকি নয়জনকে অস্ট্রেলিয়ায় ভারতীয় মিশনের জারি করা জরুরি ভ্রমণ সনদের মাধ্যমে দেশে ফেরানো হয়।
অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ, মাদক-সংশ্লিষ্ট কার্যক্রম, জালিয়াতি, ভিসার শর্ত ভঙ্গ এবং কর্তৃপক্ষের সঙ্গে অসহযোগিতার মতো অভিযোগ রয়েছে। আটক ব্যক্তিদের কয়েকজনকে শৃঙ্খলাভঙ্গ ও বিশৃঙ্খল আচরণের জন্যও চিহ্নিত করা হয়।