Skip to main content

Ridge Bangla

অস্ট্রেলিয়ায় ১১ দলের টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ ‘এ’ দল

২০২৫ সালের টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। জনপ্রিয় এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে। বাংলাদেশ ছাড়াও অংশ নেবে এশিয়ার নেপাল জাতীয় দল ও পাকিস্তান শাহীন্স (এ দল)। বিগ ব্যাশ লিগের কয়েকটি দলের অংশগ্রহণসহ মোট ১১টি দল খেলবে এই আসরে। বাকি দলগুলোর নাম পরবর্তীতে প্রকাশ করা হবে।

আগামী ১৪ আগস্ট ডারউইনে সিরিজের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দল। ২০২৪ সালের আসরে আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ এইচপি দল প্রথমবার অংশ নিয়েই দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে উঠেছিল। তবে শিরোপা হাতছাড়া হয়েছিল অ্যাডিলেইড স্ট্রাইকার্স অ্যাকাডেমির বিপক্ষে হেরে।

নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সিইও গ্যাভিন ডোভি বলেন, “পিসিবি ও বিসিবিকে আবারও স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। টুর্নামেন্টটি শুধু খেলা নয়, বরং ডারউইনকে ভ্রমণ, বসবাস, কাজ ও পড়াশোনার জন্য জনপ্রিয় করার উদ্যোগও বটে।” তিনি আরও বলেন, “পাকিস্তান ও বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ। নেপালের অংশগ্রহণ এই আসরকে আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্ব দিচ্ছে।”

বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, “অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা আমাদের উদীয়মান খেলোয়াড়দের জন্য অসাধারণ অভিজ্ঞতা। ১৪ আগস্টের উদ্বোধনী ম্যাচে তরুণ প্রতিভাদের ঝলক দেখানোর অপেক্ষায় আছি আমরা।”

এবারের আসরে বাংলাদেশ ‘এ’ দল হিসেবে খেলবে বলে দেশি ঘরোয়া ক্রিকেটের ফর্মে থাকা তরুণ তারকাদের দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। ফাইনালে পা রাখার অভিজ্ঞতা এবার শিরোপা জয়ের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

This post was viewed: 193

আরো পড়ুন