Skip to main content

Ridge Bangla

অস্কারের মঞ্চে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিলেন স্প্যানিশ অভিনেতা

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৮তম আসরে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে মঞ্চে দাঁড়িয়েই ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দিয়েছেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। এ সময় তার পাশে ছিলেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

রোববার (১৫ মার্চ) রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত অস্কার অনুষ্ঠানে সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের পুরস্কার দেওয়ার জন্য ‘যুদ্ধ নয়’ লেখা একটি পিন লাগানো পোশাক পরে মঞ্চে আসেন হাভিয়ের বারদেম। তার সঙ্গী ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

পুরস্কার ঘোষণার আগে তিনি বলেন, ‘সে নো টু ওয়ার অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন’, অর্থাৎ যুদ্ধকে না বলুন এবং ফিলিস্তিনকে মুক্ত করুন।

তার এই বক্তব্যের পর উপস্থিত আমন্ত্রিত অতিথিরা করতালি দিয়ে তাকে সমর্থন জানান। পরে তারা নরওয়ের চলচ্চিত্র ‘সেন্টিমেন্টাল ভ্যালু’-কে এই বিভাগের বিজয়ী হিসেবে ঘোষণা করেন।

এ ছাড়া মঞ্চে ওঠার আগেও রেড কার্পেটে দাঁড়িয়ে যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করেন এই অভিনেতা। সেখানে প্যালেস্টাইনের সমর্থনে এবং যুদ্ধের বিরুদ্ধে বিশেষ প্যাচ লাগানো পোশাকে পোজ দেন তিনি।

অনুষ্ঠানের সঞ্চালক কোনান ও’ব্রায়েন তার উদ্বোধনী বক্তব্যে বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, সিনেমা শুধু বিনোদন নয়, এটি বিশ্বজুড়ে শৈল্পিক ঐক্য এবং আশাবাদের প্রতীক। এবারের আসরে ৩১টি দেশের চলচ্চিত্র প্রতিনিধিত্ব করেছে।

This post was viewed: 47

আরো পড়ুন