সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অসুস্থ হয়ে পড়ায় কারাগার থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে তাঁকে হাসপাতালে আনা হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, রোববার রাত দেড়টার দিকে অসুস্থ বোধ করলে প্রথমে তাঁকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান বলেন, দীপু মনির কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে। তাঁর শারীরিক অবস্থা খুব বেশি আশঙ্কাজনক না হলেও আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, তিনি আগে থেকেই এসব রোগে ভুগছিলেন এবং নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন হতো। রোববার রাত দেড়টার দিকে তিনি অসুস্থ বোধ করলে তাঁকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তিনি আরও বলেন, দীপু মনির অবস্থা গুরুতর নয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তাঁকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছে।