Skip to main content

Ridge Bangla

অষ্টম দিনেও ইরানে মার্কিন হামলা, বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর

ইরানে টানা অষ্টম দিনের মতো সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় দেশটির একাধিক দ্বীপ ও বিভিন্ন অঞ্চল লক্ষ্যবস্তু হয়েছে। এর পর থেকেই বিভিন্ন স্থানে ধারাবাহিক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

রোববার (১৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি প্রাদেশিক নিরাপত্তাবিষয়ক ডেপুটি গভর্নরের বরাতে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের শাদেগান শহরের কাছে একটি স্থাপনায় মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের কেশম দ্বীপের উপকূলসংলগ্ন বিভিন্ন এলাকায় অন্তত ৬টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

দ্বীপে অবস্থানরত এক সংবাদদাতার বরাতে তাসনিম জানিয়েছে, এ বিষয়ে নিরাপত্তা কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। একই সঙ্গে হামলায় সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর আব্বাস এবং এর কাছাকাছি কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বন্দর আব্বাসের বিভিন্ন এলাকায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনাগুলোর কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট স্থানে তদন্ত চালাচ্ছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে তাসনিম জানিয়েছে, বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও তা ক্ষেপণাস্ত্র হামলা নাকি মার্কিন যুদ্ধবিমানের আক্রমণের ফলে হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তাসনিম আরও জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিটের দিকে কেশম দ্বীপের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দাদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দ্বীপটির একাধিক স্থানে হামলার ঘটনা ঘটেছে।

This post was viewed: 14

আরো পড়ুন