Ridge Bangla

অর্থবছরের প্রথম ১৮ দিনেই দেশে এলো প্রায় ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স

২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। অর্থবছরের প্রথম ১৮ দিনে ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে প্রায় ১৮০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ সময়ে বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ২ শতাংশ বা ৩০ কোটি ২০ লাখ ডলার।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ১৮ জুলাই পর্যন্ত দেশে মোট ১৭৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বা প্রায় ১ দশমিক ৭৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৪৯ কোটি ৬০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসজুড়েই প্রবাসী আয়ের প্রবাহ ইতিবাচক রয়েছে। শুধু ১৬ থেকে ১৮ জুলাই- এই তিন দিনে দেশে এসেছে ১৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার। এর আগে মাসের প্রথম পাঁচ দিনেই প্রবাসীরা ৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছিলেন।

সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের মতে, প্রবাসীদের মধ্যে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে। পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উৎসাহমূলক উদ্যোগ ও প্রণোদনাও এ প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে।

অর্থনীতিবিদদের মতে, অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী ধারা দেশের সামষ্টিক অর্থনীতির জন্য ইতিবাচক। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ার পাশাপাশি আমদানি ব্যয় নির্বাহ এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে।

This post was viewed: 5

আরো পড়ুন