আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে নতুন করে দেশ গড়ে তোলা একটি বড় চ্যালেঞ্জ।
রোববার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত এক কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও অস্থিতিশীলতার কারণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। সেগুলো নতুন করে গড়ে তুলতে হবে। তাঁর ভাষায়, এখন দেশ পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে, তবে এমন সুযোগ সবসময় আসে না।
তিনি আরও বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি জ্বালানি খাত। গ্যাস ও জ্বালানি তেলের ঘাটতির কারণেই এ সংকট সৃষ্টি হয়েছে। তবে এ খাতে কাজ করা সংশ্লিষ্ট ব্যক্তি ও গবেষকেরা পরিস্থিতি কাটিয়ে উঠতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বক্তব্যের একপর্যায়ে তিনি রাজনীতি যেন রাষ্ট্র ও জনগণের কল্যাণে পরিচালিত হয়, সে আহ্বান জানান। একই সঙ্গে নেতিবাচক রাজনীতি পরিহার করে গঠনমূলক রাজনৈতিক চর্চায় গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।