Skip to main content

Ridge Bangla

অভিষেকেই বিপিএল রাঙানোর অপেক্ষায় নোয়াখালী এক্সপ্রেস

২০২৬ সালের এবারের বিপিএলে নবাগত দল হিসেবে অংশগ্রহণ করবে নোয়াখালী এক্সপ্রেস। বিষয়টি নিয়ে সমর্থকদের মধ্যে বিরাজ করছে তুমুল উত্তেজনা। সবশেষ দল হিসেবে এবারের বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের নাম ঘোষণা হয়। দেশি ও বিদেশি ক্রিকেটারের ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়ে খেলতে নামছে এই দলটি। বিশেষ করে আফগান তারকা মোহাম্মদ নবী ও তাঁর ছেলে হাসান ইসাখিলকে একই দলে পাওয়ায় সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং রীতিমতো মাতামাতি শুরু হয়ে গেছে। বিপিএলে বাবা-ছেলের ঐতিহাসিক জুটি দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। মোহাম্মদ নবী ও তাঁর ছেলে হাসান ইসাখিলের একসঙ্গে খেলার কারণে নোয়াখালী এক্সপ্রেসের অভিষেক বিশেষভাবে আলোচিত হয়ে উঠেছে।

দলটি প্রথম ম্যাচেই আগামী ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে। প্রথমবারের মতো বিপিএলে যুক্ত হওয়া এই ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা ডেস্ক ট্রাভেলসের।

গতকাল রাজধানীর পূর্বাচলে ক্রিকেটার্স একাডেমিতে অনুশীলন শুরু করে দলটি। দেশি ও বিদেশি মিলিয়ে ভারসাম্যপূর্ণ স্কোয়াড নিয়ে বিপিএলে প্রথমবারের মতো খেলতে নামছে নোয়াখালী এক্সপ্রেস। বিপিএলে নিজেদের অভিষেক রঙিন করার স্বপ্ন নিয়েই মাঠে নামছে দলটি। দেশের বাইরে থাকা সৌম্য সরকারের স্কোয়াডে যোগ দেওয়া এখনও অনিশ্চিত, তবে দেশি ক্রিকেটাররা ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। অভিজ্ঞ কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে একটি তরুণনির্ভর দল গঠন করা হয়েছে।

ব্যাটিং বিভাগে রয়েছেন সৌম্য সরকার, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, হাবিবুর রহমান সোহান, শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসানের মতো তরুণ ক্রিকেটাররা। পাশাপাশি সরাসরি চুক্তিতে জনসন চার্লস ও কুশল মেন্ডিসের সঙ্গে মোহাম্মদ নবী এবং মাজ সাদাকাতকে দলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস, যা তাদের অভিষেককে স্মরণীয় করে রাখার প্রত্যাশা তৈরি করেছে।

বোলিং ইউনিটের নেতৃত্ব দেবেন স্থানীয় ক্রিকেটার হাসান মাহমুদ। পেস বোলিংয়ে থাকবেন মুশফিক হাসান ও আবু হাশিম। স্পিন আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী।

নোয়াখালী এক্সপ্রেসের ওপেনিংয়ে দেখা যেতে পারে সম্প্রতি আলো ছড়ানো হাবিবুর রহমান সোহানকে। তাঁর সঙ্গী হতে পারেন জনসন চার্লস কিংবা সাব্বির হোসেন। অভিষেক বিপিএলে বড় কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নামছে নোয়াখালী এক্সপ্রেস, যা সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। প্রত্যেকটি ম্যাচ দর্শকপ্রিয় ও উত্তেজনাপূর্ণ হবে বলে প্রত্যাশা করছেন ক্রীড়াপ্রেমীরা। দলের স্কোয়াডের ভারসাম্য, অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয় বিপিএলে তাদের অভিষেক রাঙানোর স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারে। নতুন দল হিসেবে প্রথমবার মাঠে নামার আনন্দ ও চাপ- দুটিই একসঙ্গে অনুভব করছে নোয়াখালী এক্সপ্রেস।

নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড:
হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস, জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, আবু হাশিম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, মেহেদি হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, ইহসানউল্লাহ, হায়দার আলি, মাজ সাদাকাত ও মোহাম্মদ নবী।

This post was viewed: 205

আরো পড়ুন