Ridge Bangla

অভিযোগের ভিডিও প্রকাশের পর বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও ছড়িয়ে পড়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এ কে এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও প্রকাশের ঘটনায় কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধান, ১৯৯০-এর বিধি ৩৫(খ) ও (ঙ) লঙ্ঘনের কারণে বিধি ৪১(১) অনুযায়ী তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত থাকা অবস্থায় এ কে এম আরিফ উদ্দিন নিয়ম অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। তবে এ সময় তাঁকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে। হাজিরার ভিত্তিতেই তাঁর খোরাকি ভাতা দেওয়া হবে।

অন্যদিকে বিআইডব্লিউটিএর পরিচালক মো. সাইফুল ইসলামকে নিজের দায়িত্বের পাশাপাশি পরিচালক পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

This post was viewed: 3

আরো পড়ুন