Skip to main content

Ridge Bangla

অভিনেতার মেয়ে হলেও বলিউডে জায়গা পাননি প্রনূতন

বলিউডে ২০১৯ সালে সালমান খানের ব্যানারে ‘নোটবুক’ ছবিতে নায়িকা হিসেবে অভিষেকের পরও মনীশ বহেলের কন্যা প্রনূতনের যাত্রা সহজ হয়নি। ছয় বছরে মাত্র তিনটি সিনেমা, যেখানে নাম, যশ ও সাফল্যের দৌড়ে এখনও তিনি অনেকটা পিছিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রনূতন নিজের এই কঠিন যাত্রার গল্প শেয়ার করেছেন।

ফিল্মি পরিবারের সন্তান হিসেবে তিনি জানতেন, সিনেমার দুনিয়ায় পথ সহজ নয়। প্রনূতনের ভাষ্যে, “আমার আশপাশের সবাই শিল্পী, তাই বুঝতে অসুবিধা হয়নি যে এমনও সময় আসতে পারে যখন কোনো কাজ থাকবে না। আমাকে সতর্কবাণী আগেই দেওয়া হয়েছিল। যারা ফিল্মি পরিবার থেকে আসে না, তাদের জন্য পথ আরও কঠিন।”

প্রনূতন স্বীকার করেন, অভিনয়ে নিজের জন্য প্রস্তুতির সুযোগ পেয়েছেন। তবে লাভের পাশাপাশি অনেক ক্ষতিও স্বীকার করতে হয়েছে। তিনি বলেন, “অভিনেতার মেয়ে বলে সবকিছু সহজে পাওয়া যায় না। আমার বাবা কখনো পেছন থেকে টাকা ঢেলেননি। আমি ২০১৬ সাল থেকে ক্রমাগত অডিশন দিচ্ছি।”

অডিশনের সময় প্রনূতন শুধুই নাম ব্যবহার করতেন, পরিবারের পরিচয় প্রকাশ করতেন না। তিনি চাইতেন নিজের যোগ্যতা বিচার হোক, পদবী বা পরিচয়ের কারণে নয়। নিজের শর্তে বাঁচার চেষ্টা করায় অনেক কঠিন বাস্তবের মুখোমুখি হতে হয়েছে তাকে।

অভিনয়ের পাশাপাশি প্রনূতন একাধিক গানের ভিডিওতেও দেখা গেছে। ধীরে ধীরে ভাগ্য ফিরছে বলে মনে হচ্ছে। তিনি জানান, আগামী দিনে হিন্দি-ইংরেজি সিনেমা ‘কোকো অ্যান্ড নাটস’-এ দেখা যাবে তাকে। এছাড়া মুক্তির অপেক্ষায় আরও দুটি ছবি—একটি পুলিশ ড্রামা, অন্যটি থ্রিলার। প্রনূতন নিশ্চিত করেছেন, তিনি ধৈর্য ধরে নিজের জায়গা তৈরি করতে চান এবং কেবল যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করতে চাচ্ছেন।

This post was viewed: 70

আরো পড়ুন