ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ভারত। নয়াদিল্লি বলেছে, নাগরিকত্ব যাচাইয়ের দীর্ঘদিন ঝুলে থাকা প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করা হলে প্রত্যাবাসন কার্যক্রম আরও সহজ হবে।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান। তিনি বলেন, ভারতে অবৈধভাবে অবস্থানকারী যেকোনো বিদেশি নাগরিককে আইন অনুযায়ী নিজ দেশে ফেরত পাঠানো হবে।
তিনি আরও দাবি করেন, বাংলাদেশে নাগরিকত্ব যাচাই সংক্রান্ত যেসব মামলা দীর্ঘদিন ধরে ঝুলে আছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন, যাতে “অবৈধ বাংলাদেশি অভিবাসীদের” ফেরত পাঠানোর প্রক্রিয়া কার্যকরভাবে সম্পন্ন করা যায়।
ভারতীয় মুখপাত্র বলেন, এ বিষয়ে বাংলাদেশের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ঢাকা যথাযথ পদক্ষেপ নেবে এবং প্রতিষ্ঠিত প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে।
এর আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ও সীমান্ত ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বাংলাদেশও সীমান্তে “পুশইন” ঠেকাতে সতর্ক অবস্থান নেওয়ার কথা জানায়।