যুদ্ধের উত্তেজনায় দীর্ঘ সময় স্থবির থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করল মাল্টার পতাকাবাহী প্রমোদতরি ‘সেলেস্টিয়াল ডিসকভারি’। এই স্পর্শকাতর জলপথ দিয়ে যুদ্ধ শুরুর পর কোনো যাত্রীবাহী (ক্রুজ লাইনার) জাহাজের সফল পারাপার আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে।
নিরাপত্তাজনিত চরম অনিশ্চয়তার কারণে গত মার্চ মাস থেকেই জাহাজটি দুবাই বন্দরে আটকা পড়ে ছিল। যুদ্ধাবস্থার ঝুঁকি এড়াতে বারবার এর যাত্রা স্থগিত করা হয়। দীর্ঘ ৪৭ দিন অপেক্ষার পর শুক্রবার জাহাজটি ছাড়পত্র পায় এবং সফলভাবে হরমুজ প্রণালি পাড়ি দেয়।
মেরিন ট্রাফিকের প্রতিবেদন অনুযায়ী, চলমান উত্তেজনায় ঝুঁকির কথা বিবেচনা করে জাহাজটি কোনো যাত্রী ছাড়াই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। বর্তমানে জাহাজটি ওমান উপসাগর হয়ে মাস্কাট বন্দরের দিকে এগিয়ে চলেছে। আন্তর্জাতিক জলসীমায় যাত্রীবাহী প্রমোদতরিগুলোর নিরাপত্তা নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা সেলেস্টিয়াল ডিসকভারির এই সফল ট্রানজিটে কিছুটা হলেও দূর হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার বিকেলের মধ্যেই জাহাজটির মাস্কাট বন্দরে নোঙর করার কথা রয়েছে।