Skip to main content

Ridge Bangla

অবশেষে সালমান শাহ হত্যা মামলায় আসামি ১১ জন

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় মোট ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হকও রয়েছেন। মামলা করা হয়েছে গতকাল মধ্যরাতে রাজধানীর রমনা থানায়।

জানা যায়, আদালতের নির্দেশে পুনঃতদন্তের পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সালমান শাহর মামা আলমগীর কুমকুম এই মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে প্রথম আসামি হিসেবে নাম রয়েছে সামিরা হকের। এরপর রয়েছেন শাশুড়ি লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ, চলচ্চিত্রের খলনায়ক ডন, রেজভী আহমেদ ফরহাদ, নজরুল শেখ, ডেভিড, রাবেয়া সুলতানা রুবি এবং আরও কয়েকজন। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার রিভিশন রায়ের পর সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, “শোকর আলহামদুলিল্লাহ। ন্যায়বিচার তো আমি পাবই। কারণ যেটা সত্য, সেটা সত্য। হত্যার মামলার যারা তদন্ত করেননি, তাদেরও বিচার চাইব। ২৯ বছরে সাক্ষী নষ্ট করে এ ঘটনা আত্মহত্যা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। আমার ছেলে আত্মহত্যা করেনি, তিনি পরিকল্পিতভাবে খুন হয়েছেন।”

নীলা চৌধুরী আরও বলেন, “আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ। আল্লাহ আমাকে সাহায্য করেছেন, আল্লাহ আমাকে ২৯ বছর ধরে জীবিত থাকার শক্তি দিয়েছেন। আমার প্রধান দাবি ছিল সঠিক তদন্ত এবং বিচার। আশা করি আদালত সকল আসামির বিচার নিশ্চিত করবেন।”

এই মামলার ফলে ২৯ বছর পরও সালমান শাহ হত্যার রহস্য উদ্ঘাটনের দিকে একটি বড় ধাপ এগিয়েছে।

This post was viewed: 100

আরো পড়ুন