দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের অপেক্ষার প্রহর শেষ হয় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের।
এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে সকাল ১১টা ৪ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে বিমানটি। বুধবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা দেন তারেক রহমান।
এ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। একই ফ্লাইটে বিএনপির প্রায় ৫০ জন নেতাকর্মীও দেশে ফিরেছেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল ৭টার কিছুক্ষণ আগে তার জন্য নির্ধারিত বুলেটপ্রুফ গাড়ি বিমানবন্দরে পৌঁছায়।
বিএনপি সূত্র জানায়, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’য় অবস্থান শেষে তারেক রহমান সড়কপথে কুড়িল হয়ে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এবং দুপুর ৩টা ৪০ মিনিট পর্যন্ত অবস্থান করবেন। এরপর তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেল ৪টা ১০ মিনিট থেকে প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান শেষে তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন ‘ফিরোজা’য় যাবেন।