রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, অপরাধীর ক্ষেত্রে কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।
বুধবার (২০ মে) রাজধানীতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।
ডিএমপি কমিশনার বলেন, প্রায় তিন কোটি মানুষের এই মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ। এসব মোকাবিলায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সাইবার অপরাধ দমনে সাইবার ইউনিট আরও শক্তিশালী করা হচ্ছে এবং ডিজিটাল ফরেনসিক ল্যাবের মাধ্যমে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি জানান, যানজট নিরসনে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে এআইভিত্তিক ক্যামেরা স্থাপন এবং ইলেকট্রনিক মামলা কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি অনলাইনে জিডি, ‘হ্যালো ডিএমপি’ সেবা ও হোটেল বোর্ডার তথ্য ব্যবস্থা চালু আছে।
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পশুর হাট, ঈদের জামাত, টার্মিনাল, স্টেশন ও বিপণিবিতানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। ছিনতাই, মলম পার্টি ও জাল নোট চক্র দমনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।